বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি মুম্বাইয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। শুধু নতুন সংসারই নয়, পুরো পরিবারকে এক ছাদের নিচে রাখার পরিকল্পনাও করছেন তিনি। চলমান পুনর্নির্মাণ প্রকল্প শেষ হলে মুম্বাইয়ের খার এলাকায় একটি বিলাসবহুল বহুতল ভবনে পরিবারের সদস্যদের নিয়ে থাকার পরিকল্পনা করছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নবদম্পতি আমির খান ও গৌরী স্প্র্যাট ভবিষ্যতে মুম্বাইয়ের খার এলাকার মেরিনা অ্যাপার্টমেন্টস পুনর্নির্মাণ প্রকল্পে তৈরি হওয়া একটি বিলাসবহুল বহুতল ভবনে বসবাস করবেন।

কয়েক দশক ধরেই মেরিনা অ্যাপার্টমেন্টসে একাধিক ফ্ল্যাটের মালিক আমির। ইউনিয়ন পার্ক এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের আবেগের সম্পর্ক রয়েছে। পাশাপাশি এই এলাকার কাছেই রয়েছে তার চাচাতো ভাই ও নির্মাতা মনসুর খানের বাংলো, যা জায়গাটিকে তার কাছে আরো বিশেষ করে তুলেছে।

পুনর্নির্মাণ কাজ শেষ হলে নতুন টাওয়ারে আমিরের মালিকানায় প্রায় এক ডজন ফ্ল্যাট থাকতে পারে। এরই মধ্যে পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট নির্ধারণের কাজও শুরু করেছেন তিনি। ভবনের সর্বোচ্চ তিনটি তলায় স্ত্রী গৌরী স্প্র্যাট ও তাদের ছেলে কুইনকে নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে তার।

এই প্রকল্পের আওতায় বর্তমান দুটি আবাসিক ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ চলছে এবং ২০৩০ সালের মধ্যে এটি শেষ হতে পারে।

প্রকল্পটি শেষ হলে আমির যে অংশে থাকবেন, সেটা একটি বিলাসবহুল ‘স্কাই ভিলা’ রূপ পাবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফ্রি প্রেস জার্নাল–এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম স্ত্রী রীনা দত্তের ঘরে জন্ম নেওয়া ৩৩ বছর বয়সি ছেলে ও অভিনেতা জুনায়েদ খানের জন্যও একটি পুরো ফ্লোর প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া, আমিরের মা জিনাত হুসাইন, তার দুই বোন নিখাত ও ফারহাতের জন্যও একই আবাসন প্রকল্পে ফ্ল্যাট রাখার পরিকল্পনা রয়েছে। ফারহাতের স্বামী রাজীব দত্ত, যিনি রীনা দত্তের ভাই।

*মানি কন্ট্রোল অবলম্বনে