তামিল অভিনেতা থেকে রাজনীতিক হওয়া এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের শেষ সিনেমা ‘জনা নায়াগান’ অবশেষে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ডের (সিবিএফসি) কাছ থেকে ‘এ’ সনদ পেয়েছে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন বিজয় ও সিনেমার নির্মাতারা।

শনিবার নতুন একটি পোস্টার প্রকাশ করে নির্মাতারা ইনস্টাগ্রামে লেখেন, “বন্ধুরা, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে দেখা হবে। ‘জনা নায়াগান’ সেন্সর বোর্ড থেকে ‘এ’ সনদ পেয়েছে।” একই পোস্টে প্রথমবারের মতো প্রচারণায় বিজয়কে ‘তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়’ হিসেবে উল্লেখ করা হয়।

যদিও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি জুলাই মাসের শেষ দিকে সিনেমাটি মুক্তি পেতে পারে।

প্রায় ছয়-সাত মাস ধরে সিনেমাটির সেন্সরবোর্ডের ছাড়পত্র নিয়ে নির্মাতাদের সঙ্গে সিবিএফসির বিরোধ চলছিল। শুরুতে ধর্মীয় ও সাম্প্রদায়িক সংবেদনশীল বিষয় এবং সামরিক বাহিনী–সংক্রান্ত কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলে বোর্ডের এক সদস্য। পরে আইনি জটিলতার পর বোর্ড সিনেমাটি ১২টি পরিবর্তনের শর্ত দেয়।

সিনেমার রাজনৈতিক বার্তা, কিছু ধর্মীয় সংলাপ এবং অ্যাকশন দৃশ্যের কারণে ‘এ’ সনদ দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা পড়ে যাওয়ার একটি দৃশ্য, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে এর উল্লেখ, কিছু অশালীন শব্দ এবং ধর্মীয় কিছু সংলাপ সংশোধনের পর সিনেমাটি ছাড়পত্র পায়।

এইচ. বিনোথ পরিচালিত ‘জনা নায়াগান’ সিনেমায় বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মামিথা বাইজু, পূজা হেগড়ে, প্রকাশ রাজ, ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি ও নারায়ণ। সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ, চিত্রগ্রহণ করেছেন সত্যন সূর্যন, সম্পাদনা করেছেন প্রদীপ ই. রাঘব এবং প্রোডাকশন ডিজাইনার ভি. সেলভাকুমার।

সিনেমাটি ২০২৩ সালের জাতীয় পুরস্কারজয়ী তেলুগু সিনেমা ‘ভগবন্ত কেশরী’–এর রিমেক। মূল সিনেমায় অভিনয় করেছিলেন নন্দামুরি বালাকৃষ্ণ ও শ্রীলীলা।

প্রয়োজনীয় সব পরিবর্তনের কাজ শেষ হওয়ায় এখন ‘জনা নায়াগান’ মুক্তির অপেক্ষায়। এখন শুধু আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা হওয়া বাকি।

*ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে