শোবিজের ঝলমলে আলো, জনপ্রিয়তার শিখর, বিতর্ক আর সংগ্রাম—সব কিছুর মধ্যেও তিন দশকের বেশি সময় ধরে অটুট রয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার স্ত্রী সালমা আসিফ মিতুর দাম্পত্য। ৩৪ বছরের সেই পথচলার গল্পই এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বাংলা গানের ‘যুবরাজ’।

ব্যক্তিজীবনের নানা মুহূর্ত প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই শিল্পী। কখনো ভালোবাসার গল্প, কখনো সংসার জীবনের অভিজ্ঞতা—সব কিছুতেই ফুটে ওঠে স্ত্রীর প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯৯২ ও ২০২৬ সালের দুটি ছবি শেয়ার করে তুলে ধরেছেন ৩৪ বছরের দাম্পত্য জীবনের গল্প।

পোস্টে আসিফ লিখেছেন, “১৯৯২ থেকে ২০২৬—দুই শতাব্দী মিলিয়ে আমাদের দাম্পত্য জীবনের বয়স ৩৪ বছর। মনে হয়, জীবনের চেয়েও বিয়ের বয়সটাই যেন বেশি। প্রতিদিনের সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে আনন্দ-বেদনা আর অসংখ্য অব্যক্ত অনুভূতি। অনেকে বলেন, আমি ভাগ্যবান; তাদের মতে, বেগমের কারণেই সংসারটা টিকে আছে। এখন আর জনমতের বাইরে গিয়ে বিপ্লবী হতে চাই না। সব কৃতিত্ব বেগমকেই দিয়ে দিয়েছি।”

সন্তানদের নিয়েও গর্ব প্রকাশ করেছেন এই শিল্পী। তিনি লেখেন, “দুই ছেলে, দুই বৌমা আর মেয়ে আইদাহকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। জীবনে কখনো অতিরিক্ত উচ্চাভিলাষকে প্রশ্রয় দিইনি। পরিবারের কিছু নীতি সবসময় ধরে রাখার চেষ্টা করেছি। সন্তানরা খুবই যত্নশীল, নিয়মিত বাবা-মায়ের খোঁজ নেয়। বড় ছেলে প্রায়ই বলে, ‘বাবা, ১৯ বছর বয়সে বিয়ে করেছো, জীবনে অনেক যুদ্ধ করেছো। এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়।’ কথাটা শুনে ভালো লাগে, তবে বিশ্রাম আমার স্বভাবে নেই।”

পরিবারকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উল্লেখ করে আসিফ আরও লেখেন, “সংসার জীবনের সব চড়াই-উৎরাই পেরিয়ে এক ছাদের নিচে থাকতে পারাটাই সবচেয়ে বড় অর্জন। আমি জীবনকে সবসময় সহজভাবে নিয়েছি, আর বেগম নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পরিবার। নিজের পরিবারকে নিয়ে আমি পরিপূর্ণ সন্তুষ্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।”