অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে নারীসহ এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় বাড়ির পেছনের জমি থেকে প্রায় সাত কেজি ওজনের একটি পরিপক্ব গাঁজাগাছ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ এ অভিযান চালায়।
আটক আইনজীবী তৌহিদুর রহমান বাবু পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, এক নারীকে বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ওই নারীর স্বামী সদর থানায় খবর দেন। অভিযোগ রয়েছে, স্ত্রীকে ফিরিয়ে নিতে গেলে তৌহিদুর রহমান বাবু ধারালো চাকু দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং তৌহিদুর রহমান বাবুসহ ওই নারীকে আটক করে।
সদর থানা-পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাড়ির পেছনের জমিতে গাঁজাগাছ লাগানোর কথা স্বীকার করেন তৌহিদুর রহমান বাবু। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে প্রায় সাত কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘বিশাল একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছুরিকাঘাত, গাঁজা চাষ এবং অনৈতিক কর্মকাণ্ড-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে পৃথক ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’








