মাদারীপুরের কালকিনিতে অর্থ লেনদেনসংক্রান্ত একটি মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম জড়িয়ে হয়রানির অভিযোগ তুলেছেন মো. বাবুল বয়াতি নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কালকিনি মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মামলার তদন্ত কর্মকর্তা ও কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) হানিফ সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ করেন।বাবুল বয়াতি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বাঁশগাড়ি করিমগঞ্জ গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার বাবার বিরুদ্ধে দায়ের করা প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকার একটি অর্থ লেনদেনসংক্রান্ত মামলায় অন্যায়ভাবে তাকে আসামি করা হয়েছে। অথচ ওই লেনদেনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি মামলার বাদীও তাকে কৌশলে আসামি করার বিষয়টি স্বীকার করেছেন বলে তিনি দাবি করেন। এ-সংক্রান্ত ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে।বাবুল বয়াতির অভিযোগ, তদন্ত কর্মকর্তা এসআই হানিফ সরকার অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে উল্লিখিত কয়েকজন সাক্ষীও তার বিরুদ্ধে সাক্ষ্য দেননি বলে স্বীকার করেছেন, যার অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে তিনি মামলাটি পুনরায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।তবে অভিযোগ অস্বীকার করে এসআই হানিফ সরকার বলেন, ‘তদন্তের সময় আসামিপক্ষ কোনো ভিডিও ফুটেজ দেখায়নি। তদন্তে যা পেয়েছি, তার ভিত্তিতেই প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদন সঠিক কি না, তা আদালত নির্ধারণ করবেন।’