টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা শারমিন বেগম। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি ঝোপের ভেতর এক নবজাতককে পড়ে থাকতে দেখেন।

শারমিন বেগম বলেন, “নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়া, পুরো শরীরে পিঁপড়া ছিল। মাথায় আঘাতের দাগ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, “নবজাতক শিশুটি বর্তমানে উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”