ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের এমপি হিসেবে শপথ নিতে বাধা নেই

সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।
 
শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলামসহ অন্যান্য হুইপ ও সংসদ সদস্যরা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিএনপির সারোয়ার আলমগীরের রায়ের বিরুদ্ধে আপিল করবেন জামায়াত প্রার্থী

এর আগে, বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য (এমপি) ঘোষণা করে গেজেট জারি করে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে বাধা নেই বলে রায় দেন হাইকোর্ট।আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন জামায়াত প্রার্থীর আইনজীবী।

এমওএস/কেএসআর