মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েত নগর ইউনিয়নের ১৫৮ নং চর আলিপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টার দিকে কালকিনি উপজেলার সাধারণ শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এদিকে ঘটনার এক সপ্তাহ পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, ইমাম হোসেন রাজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি না করা হয় তাহলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
এসময় তারা আরও বলেন, উপজেলার সব শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে তারা বিদ্যালয়ে নির্বিঘ্নে পাঠদান করতে পারেন। এই ঘটনার সাথে যদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগম জড়িত থাকেন তাকেও আইনের আওতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহকারী শিক্ষক জসিমউদ্দিন, মেহেদী হাসান, কাশেমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল বেগমসহ কালকিনি ও ডাসার উপজেলার সহকারী শিক্ষকবৃন্দ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি বেগমের ভাই মিলন মোল্লাসহ তার সহযোগীরা শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর স্কুলের পাশে খেয়া ঘাটের বসে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালান। এতে করে রাজনের পা ভেঙে যায়। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে কালকিনি থানায় একটি মামলাও হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজেডএইচ/জেআইএম








