মেট্রোরেলের নিচে সচিবালয় থেকে কারওয়ান বাজার স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেরা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএমটিসিএল জানায়, চারটি মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এমন অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দোকান বা দখল সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।

উচ্ছেদ অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও এমআরটি পুলিশের সদস্যরা অংশ নেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বুলডোজার, ট্রাকসহ প্রয়োজনীয় যান্ত্রিক সহায়তা প্রদান করে।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ দোকান ও দখলের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এমএমএ/এমআইএইচএস