যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে এক কোটি নয় লাখ টাকা মূল্যের সাড়ে চারটি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আটকের পর বিকেলে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক তৌফিকুর রহমান শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, বিজিবির একটি টিম দুপুরে দাইতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় তৌফিকুর রহমানকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক সোনার বার উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫৩৫ গ্রাম। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে থানায় পাঠানো হয়।
মিলন রহমান/কেএইচকে/জেআইএম








