সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী ও হাওরের পানি বাড়ছে। এ অবস্থায় হাওরে সতর্কতার সঙ্গে পর্যটকদের পরিবহনে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় রেকর্ড ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সব হাউসবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পর্যটক পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়া বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবেই পর্যটক নিয়ে নৌযান যাত্রা করতে পারবে না। প্রতিটি হাউসবোটে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয়া ও অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম রাখতে হবে। নৌযানে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দেওয়া সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে। যাত্রার শুরুতেই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নির্দেশনা ও করণীয় সম্পর্কে অবহিত করতে হবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। পরিস্থিতির আরো অবনতি ঘটলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী হাউসবোট বা নৌযান চলাচল অবিলম্বে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, “যেহেতু নদ-নদীর পানি বাড়ছে, তাই এ নির্দেশনাগুলো মেনে চলতে হবে। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”








