চট্টগ্রামের আনোয়ারায় সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জোয়ারের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তার পরনে সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে রায়পুরের সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এমডিআইএইচ/এমএএইচ/