দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে গর্ভাবস্থার শেষ পর্যায়েও থেমে নেই তার কর্মব্যস্ততা। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে আসন্ন সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। এমনকি সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় রাতভর অ্যাকশন দৃশ্যের শুটিংও করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক অ্যাটলির ‘রাকা’ সিনেমার জন্য নিয়মিত শুটিং করছেন দীপিকা। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। নির্ধারিত সময়ের মধ্যে নিজের অংশের কাজ শেষ করতে রাতের শিফটেও অংশ নিচ্ছেন অভিনেত্রী।

সিনেমাটির একটি সূত্র জানিয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে নিজের সব দৃশ্যের শুটিং শেষ করাই এখন দীপিকার প্রধান লক্ষ্য। তাই চিকিৎসকদের পরামর্শ মেনে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন।

শুটিং ইউনিটের এক সদস্য বলেন, ‘দীপিকাকে এভাবে কাজ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাড়িতে তার দেড় বছরের একটি মেয়েও রয়েছে। পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি কাজের প্রতিও তিনি সমান নিষ্ঠাবান।’

আরও পড়ুন

‘থ্রি ইডিয়টস’র অনুপ্রেরণা সোনমের অনশন ঘিরে তোলপাড় ভারতে

প্রথম সন্তান দুয়ার জন্মের পর প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপিকা। সেই সিদ্ধান্ত নিয়েই বলিউডে বেশ আলোচনা হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়।

পরে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আরও খবর প্রকাশিত হয়, একই কারণে ‘কল্কি ২’ সিনেমাতেও আর থাকছেন না দীপিকা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর। আগামী বছর ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ‘রাকা’র পাশাপাশি শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এও দেখা যাবে দীপিকাকে। ছবিটি চলতি বছর মুক্তির কথা রয়েছে।

আরও পড়ুন

সোনম ওয়াংচুক ইস্যুতে মোদীকে কটাক্ষ? দীপিকার নামে ভাইরাল পোস্ট

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলো করে আসে প্রথম কন্যাসন্তান দুয়া। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানান এই তারকা দম্পতি। বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন দীপিকা। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে।

এমএমএফ