ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবারও দাপট দেখাল দক্ষিণী সিনেমা। সেরা অভিনেতা থেকে সেরা পরিচালক, প্রযুক্তিগত বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতারা।

আরও পড়ুন

কার্তিক-ইয়ামিসহ ভারতে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা

শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।


‘ব্রহ্মযুগম’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাম্মুটি

এবারের আসরে সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে পুরস্কার জিতেছেন মালয়ালম সুপারস্টার মাম্মুটি। ‘ব্রহ্মযুগম’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সম্মানিত হয়েছেন মাম্মুটি।


‘অমরান’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রাজকুমার পেরিয়াসামি

সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন তামিল চলচ্চিত্র ‘অমরান’-এর নির্মাতা রাজকুমার পেরিয়াসামি। একই ছবির জন্য আর. কালাইভান্নান জিতেছেন সেরা সম্পাদকের পুরস্কার। এছাড়া ‘অমরান’-এর আবহসংগীতের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন জি. ভি. প্রকাশ কুমার।


‘মহারাজা’-তে অভিনয়ের জন্য সাচানা নামিদাস যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন

তামিল চলচ্চিত্র ‘মহারাজা’-তে অভিনয়ের জন্য সাচানা নামিদাস যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান পেয়েছেন। অন্যদিকে তেলুগু ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’ জিতেছে সেরা জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্রের পুরস্কার।


‘কল্কি ২৮৯৮ এডি’ জিতেছে সেরা জনপ্রিয় বিনোদনধর্মী চলচ্চিত্রের পুরস্কার

জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে তামিল ছবি ‘ক্যাপ্টেন মিলার’। একই ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা ধানুশ পেয়েছেন বিশেষ সম্মাননা।


‘ক্যাপ্টেন মিলার’ ছবিতে অভিনয়ের জন্য অভিনেতা ধানুশ পেয়েছেন বিশেষ সম্মাননা

প্রযুক্তিগত বিভাগেও ছিল দক্ষিণী সিনেমার আধিপত্য। ‘ব্রহ্মযুগম’-এর জন্য শেহনাদ জলাল হয়েছেন সেরা চিত্রগ্রাহক। চিত্রনাট্য বিভাগে ‘পুষ্পা: দ্য রুল পার্ট ২’-এর জন্য সুকুমার জিতেছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। এছাড়া ‘লাকি ভাস্কর’ ছবির সংলাপের জন্য সম্মানিত হয়েছেন ভেঙ্কি আটলুরি।


‘লাকি ভাস্কর’ ছবিটি সংলাপের জন্য পুরস্কৃত হয়েছে

সামগ্রিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষিণী চলচ্চিত্রের সাফল্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে করেছে দক্ষিণমুখী।

আরও পড়ুন

‘সাইয়ারা’ ছবি ও গান হিট হলেও টাকা পাচ্ছেন না সংগীত পরিচালক

ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে দক্ষিণী সিনেমার ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করল, গল্প, নির্মাণশৈলী ও কারিগরি উৎকর্ষে তারা এখন দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম শক্তিশালী অবস্থানে রয়েছে।

 

এলআইএ