মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের দুটি অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের খুদে শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস। ৩ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬’ এবং ‘ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এ সে জিতে নিয়েছে সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’সহ মোট ১১টি পুরস্কার।
অনিরুদ্ধ ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহারাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা ডা. নির্মল কান্তি বিশ্বাস জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিকস বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট এবং মা ডা. কাকলী হালদার ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক।
অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ, মালয়েশিয়া (স্বাগতিক), মিয়ানমার, তাজিকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের প্রায় ১০০ প্রতিযোগী। তাদের মধ্যে অনিরুদ্ধের অর্জিত ১১টি পুরস্কারের মধ্যে রয়েছে একটি সর্বোচ্চ সম্মাননাসূচক পুরস্কার ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’, একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও একটি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড। এ ছাড়া অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সে জয় করেছে দুটি করে ডিন অ্যাওয়ার্ড, ডায়মন্ড অ্যাওয়ার্ড ও গোল্ড অ্যাওয়ার্ড। এর বাইরে একটি সেরা প্রেজেন্টার অ্যাওয়ার্ড এবং একটি র্যাঙ্কিং অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে পুরেছে এই খুদে জিনিয়াস।
অনিরুদ্ধর ব্যতিক্রমী পড়াশোনাই তার এই সাফল্যের নেপথ্যে বলে জানিয়েছেন তার মা ডা. কাকলী হালদার। তিনি বলেন, ‘পড়াশোনাকে চাপ মনে না করে আনন্দময় খেলা হিসেবে উপভোগ করাই তার বিশ্বমঞ্চে অনন্য সাফল্যের আসল চাবিকাঠি।’
আন্তর্জাতিক অলিম্পিয়াডে এমন গৌরবময় অর্জনের পর অনিরুদ্ধ বলে, ‘বিশ্বমঞ্চে যখন বাংলাদেশের নাম ঘোষণা করা হচ্ছিল এবং আমি ট্রফি নিয়ে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেছিলাম, সেই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের। এই সাফল্যের পেছনে আমার শিক্ষক ও মা-বাবার অবদান সবচেয়ে বেশি।’








