শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিতে দেশের সব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলা বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে গত ৬ জুলাই পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড।
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের নং ৫৭.১৭.০০.০০০০.০৪২.৯৯.০০৩.২৪.৮৪, তারিখ ০২ জুলাই, ২০২৬ খ্রি. স্মারক মোতাবেক ‘জুন ২০২৬ মাসের মাসিক সমন্বয়’ সভার কার্যবিবরণী ক্রমিক ৯.৬-এর সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে অসংক্রামক রোগ প্রতিরোধ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত খেলাধুলা/পিটি-প্যারেডের আয়োজন করা প্রয়োজন।
যে সব প্রতিষ্ঠানে শরীর চর্চার শিক্ষক আছে যেখানে নিয়মিত পিটি প্যারেড করতে হবে। যে সব প্রতিষ্ঠানে শরীর চর্চার শিক্ষকের নেই, সে সব প্রতিষ্ঠানে মাদরাসা স্কিমের আওতায় একজন নবীন শিক্ষককে এক/দুই মাসের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতিষ্ঠান প্রধান-সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
নির্দেশনা দুটি হলো ১. সব মাদরাসায় নিয়মিত খেলাধুলা/পিটি প্যারেডের আয়োজন করতে হবে এবং ২. খেলাধুলা/পিটি প্যারেডের ছবি ফেসবুক/হোয়াটসঅ্যাপ গ্রুপ/ওয়েবসাইটে আপলোড করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোঃ আল মাসুদ করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের স্মারক নং ৫৭.০০.০০০০.০৪২.৯৯.০০৩.২৪.৭৯; তারিখ ৩০ জুন ২০২৬ খ্রি. মোতাবেক বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কার্যবিবরণীর বিবিধ ৬ এর সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা/পিটি প্যারেডের আয়োজন এবং খেলাধুলা/পিটি প্যারেডের ছবি ফেসবুক/হোয়াটসঅ্যাপ গ্রুপ/ওয়েবসাইটে আপলোড করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা, খেলাধুলায় অংশগ্রহণ এবং সুস্থ জীবনধারা গড়ে ওঠার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও ইতিবাচক শিক্ষার পরিবেশ আরও শক্তিশালী হবে।
এমএমএআর








