বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা জাতীয় দলের সোমবারের অনুশীলনে অংশ নেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদপত্র ওলে-এর দাবি, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে পুরো ১২০ মিনিট মাঠে থাকার পর মেসি বিশ্রামে ছিলেন।
এই নিয়ে আর্জেন্টিনা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। নকআউট পর্বে দলটি যে তিনটি ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটি নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত সময়- শেষ ষোলোতে মিশরের বিপক্ষে এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে।
দীর্ঘ সময় ম্যাচ খেলা পুরো দলের ওপর, বিশেষ করে ৩৯ বছর বয়সী মেসির ওপর বড় ধরনের শারীরিক চাপ তৈরি করেছে। তিনি এখনও দলটির মূল ভরসা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোল করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে প্রথম গোলের আক্রমণ তৈরিতে তিনি ভূমিকা রেখেছিলেন এবং অতিরিক্ত সময় শুরুর আগে নিজেও গোল করার খুব কাছাকাছি পৌঁছেছিলেন।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক গোল এবং লাউতারো মার্তিনেজের আরেকটি গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে ওঠার পর মেসি স্বীকার করেছেন, ক্লান্তি ইতোমধ্যেই দলের ওপর প্রভাব ফেলছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই মাঠে নামার আশ্বাস দিয়েছেন তিনি।
মেসি বলেন, ‘আমরা ক্লান্তি অনুভব করছি, তবে সম্ভাব্য সেরা উপায়েই আমরা সেটি কাটিয়ে উঠব। আমরা জানি এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ এবং ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।’
আরএএইচইউএল/এমএমআর








