বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচটা হতে যাচ্ছে সবচেয়ে মহামূল্যবান। মাঠের লড়াইয়ের পাশাপাশি এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদেরও এক মহারণ।
স্পেন এবং ফ্রান্স- এই দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য হতে যাচ্ছ প্রায় ৩.১০ বিলিয়ন ডলার (প্রায় ৩৮ হাজার ২৪৩ কোটি টাকা ), যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।
দুই দলের বর্তমান বাজারমূল্যের হিসাব অনুযায়ী, ফ্রান্সের স্কোয়াডের মূল্য ১.৫২ বিলিয়ন ইউরো। অন্যদিকে স্পেনের দলটির মূল্য ১.২২ বিলিয়ন ইউরো। অর্থাৎ বাজারমূল্যে স্পেনের চেয়ে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো এগিয়ে দিদিয়ের দেশমের দল।
সবচেয়ে দামি তারকাদের লড়াই
এই ম্যাচে মাঠে নামবেন বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান কয়েকজন খেলোয়াড়। স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামালের বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো। একই মূল্য নরওয়ের আরলিং হালান্ডেরও, যদিও তিনি এই ম্যাচে নেই।
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো। এছাড়া ফ্রান্সের মাইকেল ওলিসে এবং স্পেনের পেদ্রি গনসালেস- দুজনেরই বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো। অর্থাৎ বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান পাঁচ ফুটবলারের মধ্যে চারজনই খেলবেন এই সেমিফাইনালে।
শত মিলিয়নের ক্লাবেও ফ্রান্সের আধিপত্য
দুই দল মিলিয়ে অন্তত সাতজন খেলোয়াড়ের বাজারমূল্য ১০০ মিলিয়ন ইউরো বা তার বেশি। এছাড়া ৫০ মিলিয়ন ইউরো বা তার বেশি মূল্যমানের খেলোয়াড় রয়েছেন ২২ জন।
এর মধ্যে স্পেনের এমন খেলোয়াড় আছেন সাতজন, আর ফ্রান্সের ১৫ জন। অর্থাৎ এই তালিকায় স্পেনের তুলনায় দ্বিগুণেরও বেশি খেলোয়াড় রয়েছে ফরাসি দলে।
কোন বিভাগে কারা এগিয়ে?
দুই দলের গোলকিপারদের বাজারমূল্যে এগিয়ে স্পেন। তিন গোলরক্ষকের সম্মিলিত মূল্য ৯৭ মিলিয়ন ইউরো, যেখানে ফ্রান্সের গোলরক্ষকদের মূল্য ৫৭ মিলিয়ন ইউরো।
রক্ষণভাগে অবশ্য স্পষ্টভাবে এগিয়ে ফ্রান্স। তাদের ডিফেন্ডারদের সম্মিলিত মূল্য ৪০৪ মিলিয়ন ইউরো, যেখানে স্পেনের রক্ষণভাগের মূল্য ২৮৮ মিলিয়ন ইউরো।
মিডফিল্ডে আবার পাল্টে যায় চিত্র। পেদ্রি, গাবি ও সতীর্থদের কারণে স্পেনের মিডফিল্ডের মূল্য দাঁড়িয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। ফ্রান্সের মিডফিল্ডের মূল্য ৩১২ মিলিয়ন ইউরো।
আক্রমণভাগেই সবচেয়ে বড় ব্যবধান
সবচেয়ে বড় পার্থক্য দেখা যায় আক্রমণভাগে। যদিও বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল স্পেনের হয়ে খেলছেন, তবুও ফ্রান্সের ফরোয়ার্ড ও উইঙ্গারদের সম্মিলিত বাজারমূল্য ৭৫০ মিলিয়ন ইউরো। এই বিশাল মূল্যমানের কারণেই সামগ্রিকভাবে স্পেনের তুলনায় প্রায় ৩০০ মিলিয়ন ইউরো বেশি দামি ফরাসি স্কোয়াড।
ইতিহাসের সবচেয়ে দামি সেমিফাইনাল
বিশ্বকাপের ইতিহাসে এত বেশি বাজারমূল্যের দুই দলকে নিয়ে সেমিফাইনাল খুব কমই দেখা গেছে। ইয়ামাল, এমবাপে, ওলিসে, পেদ্রিদের মতো তারকাদের উপস্থিতিতে ম্যাচটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, বরং বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের শক্তি প্রদর্শনের মঞ্চও হতে যাচ্ছে।
ফলে বিশ্বকাপের সবচেয়ে ব্যয়বহুল সেমিফাইনালগুলোর একটি হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ফ্রান্স-স্পেনের এই মহারণ।
আইএইচএস/








