সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে আমরা যুদ্ধ করেছি, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, সময় আসছে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেবে, তাদের আর কোনো পথ নেই। বৃহস্পতিবার থানা পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছির চৌধুরী বলেন, ৬ তারিখে প্রমাণ হয়েছে ৮ তারিখ বিএনপির নামে যারা সমাবেশের ডাক দিয়েছে-এরা বিএনপিতে বিভক্তি আনতে চায়, আর যারা দ্বিধাদ্বন্দ্ব চায় না, তারাই সমাবেশে যোগ দিয়েছে। নাছির চৌধুরী বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। আপনারা আমার ভাই, আপনাদের নিয়েই আমার চলা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা ফারুক সর্দার ও সাব্বির মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-নাছির চৌধুরীর সহধর্মিণী পারভিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, নুরুল হক তালুকদার, আবু সাঈদ চৌধুরী, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম, জুনেদ মিয়া, মেহেদী হাসান চৌধুরীসহ বিএনপির তৃণমূল নেতাকর্মীবৃন্দ।