অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় একটি চক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জব্দ করা ফোনগুলোতে ২০২৫ সাল থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত ধারণ করা শতাধিক অশ্লীল ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার ‘টাঙ্গাইল’ নামের একটি ফিশারিতে অভিযান চালিয়ে সাতজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়। অভিযানের সময় আরও দুই নারী ও ছয়-সাতজন সহযোগী পালিয়ে যান। ফিশারিটি টাঙ্গাইল জেলার এলেঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্নেল শাফি খানের মালিকানাধীন বলে জানা গেছে। আটক ব্যক্তিরা হলো-শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম, শুভ মিয়া, সাগর মিয়া, জুয়েল মিয়া, মাজিজুল মিয়া ও কাজল মিয়া, মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবি এবং সালমাকান্দা গ্রামের মনিরা আক্তার।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আরও কয়েকজন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছিলেন। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতার আটজনসহ ১৪ জনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এছাড়া অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।








