​যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যকার প্রীতি ম্যাচটির প্রথমার্ধের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়েছে। পুরো প্রথমার্ধ জুড়েই বল দখলে ফরাসিরা একক আধিপত্য দেখালেও প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে পারেনি। প্রথমার্ধের ৪৫ মিনিটে একাধিকবার চেষ্টা চালিয়েও কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ৮০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ফ্রান্স মোট ৬টি শট নেয়, যার মধ্যে কেবল একটি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে মাত্র ২০ শতাংশ বল দখলে রাখা প্যারাগুয়ে দুটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ​ম্যাচের শুরু থেকেই ফরাসি আক্রমণভাগ দাপট দেখাতে শুরু করে। মাঠের এই চাঙ্গা ভাব বজায় থাকে হাইড্রেশন ব্রেকের পরেও। তবে প্যারাগুয়ের ডিফেন্ডাররা ডি-বক্সের ভেতর কিলিয়ান এমবাপেরা যাতে জায়গা না পান, তা কড়া পাহাড়ায় নিশ্চিত করেন। ম্যাচের ৩৬তম মিনিটে প্যারাগুয়ের বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন কিলিয়ান এমবাপে। রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট ফরাসি অধিনায়ক সঙ্গে সঙ্গেই মাঠে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তিনি প্রতিপক্ষের খেলোয়াড় আন্দ্রেস কুবাসকে হালকাভাবে ধাক্কা দেন। ​এমবাপের এই ধাক্কা দেওয়ার ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা একে অপরের মুখোমুখি অবস্থানে চলে যান। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেফারি দ্রুত মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষের বিরোধ মিটিয়ে দেন। উত্তপ্ত এই পরিস্থিতির পরও শেষ পর্যন্ত রেফারি কোনো খেলোয়াড়কেই কার্ড দেখাননি। উত্তেজনা থামার পর ফ্রান্স আবারও গোল করার চেষ্টা অব্যাহত রাখলেও ফিনিশিংয়ের অভাবে লাভ হয়নি। ফলে মাঠের আক্রমণ-পাল্টা আক্রমণ আর বাগ্‌বিতণ্ডার মধ্য দিয়েই প্রথমার্ধের খেলা শেষ হয় গোলহীনভাবে।