নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। হতাশাজনক এই পরাজয়ের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই নিজেদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করে সিবিএফ। সেখানে তারা জানায়, ব্রাজিল জাতীয় দলের ইতিহাস শুধু সাফল্যের নয়, কঠিন সময়গুলোও ভবিষ্যতের পথকে আরও শক্তিশালী করে তোলে।
বার্তায় সিবিএফ লিখেছে, ‘ব্রাজিল জাতীয় দলের ইতিহাস গড়ে উঠেছে অসংখ্য অর্জনের পাশাপাশি এমন কিছু মুহূর্ত দিয়েও, যা আমাদের পথচলাকে আরও দৃঢ় করেছে। আজ আমরা বিশ্বকাপকে বিদায় জানাচ্ছি, তবে এই বিশ্বাস নিয়ে যে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো। ব্রাজিলের সমর্থকদের ধন্যবাদ।’
বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি সেলেসাওরা। এর ফলে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বের প্রথম ধাপ থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
দলের বিদায়ে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কোটি কোটি ব্রাজিল সমর্থকের মতোই হতাশ সিবিএফও। তবে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করে সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আরআর/আইএন








