২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর আবেগঘন এক দৃশ্য দেখা গেলো নিউ জার্সির স্টেডিয়ামে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার দুই সন্তান কান্নায় ভেঙে পড়ে। যার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, ছয় বছর বয়সী বেনিসিও এবং পাঁচ বছর বয়সী ফিলিপ্পো চোখের পানি ধরে রাখতে পারেনি। দুই শিশুকে সান্ত্বনা দিতে দেখা যায় তাদের মা এবং পাকেতার স্ত্রী দুদা ফুরনিয়েরকে।
চোটের কারণে নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি পাকেতা। জাপানের বিপক্ষে আগের ম্যাচে চোট পাওয়ার পর থেকেই তিনি ছিটকে যান। ব্রাজিল ফাইনালে উঠলেও তার আর মাঠে নামার সম্ভাবনা ছিলো না বলে জানা যায়।
ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন আরলিং হালান্ড। দ্বিতীয়ার্ধে তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন নেইমার, তবে সেটি ব্রাজিলের হার এবং বিদায় ঠেকানোর জন্য যথেষ্ট ছিলো না।
ব্রাজিলের বিদায়ের হতাশা যেমন ফুটে উঠেছে খেলোয়াড়দের চোখে। তেমনি স্টেডিয়ামে প্যাকেতার ছোট দুই সন্তানের কান্নার দৃশ্যও বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের আবেগাপ্লুত করেছে।
আরআর/আইএন








