২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে ব্রাজিলের। তবে হতাশার মধ্যেও ভবিষ্যত নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, এই পরাজয় কোনো সমাপ্তি নয়, বরং জাতীয় দলের নতুন এক যাত্রার সূচনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘অবশ্যই আমরা সবাই ভীষণ হতাশ। তবে আমার মনে হয়, আজকের ম্যাচে আমরা জয়েরই যোগ্য ছিলাম। এমন একটি পরাজয়কে নতুন এক অভিযানের শুরু হিসেবে দেখতে হবে। আমাদের আরও উন্নতি করতে হবে, নতুন ধারণা খুঁজে বের করতে হবে। এই হার শেষ নয়, এটি একটি নতুন চক্রের সূচনা।’
ইতালিয়ান এই কোচ বলেন, বিশ্বকাপে ব্রাজিল প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে নরওয়ের বিপক্ষে দল খেলায় নিয়ন্ত্রণ বজায় রেখেছিল এবং জয়ের মতো যথেষ্ট সুযোগও তৈরি করেছিলো।
তিনি বলেন, ‘এই দল নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম ছিলাম। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, সুযোগও তৈরি করেছি। কিন্তু নরওয়ের বিপক্ষে খুব উপরে উঠে চাপ প্রয়োগ করা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ হালান্ডের গতির সুবিধা তারা কাজে লাগাতে পারতো। শেষ পর্যন্ত সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
আনচেলত্তি আরও জানান, দ্বিতীয়ার্ধে বদলগুলো ছিল আক্রমণে নতুন গতি ও গভীরতা আনতে। তার মতে, খেলোয়াড়দের প্রচেষ্টা হারের যোগ্য ছিল না, তবে প্রতিপক্ষের মানও স্বীকার করতে হবে।
সমর্থকদের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা আমি জানি না। তবে আমরা কাজ চালিয়ে যাবো। এই হার থেকে শিক্ষা নিয়ে আরও ভালো দল গড়ার চেষ্টা করবো।’
ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিল কোচ। তার ভাষায়, ‘এখন আমাদের এই হতাশা সামলাতে হবে। এরপর ভবিষ্যতের কথা ভাববো। এই দলে ইতোমধ্যেই অনেক প্রতিভাবান তরুণ ও অভিজ্ঞ ফুটবলার রয়েছে। পাশাপাশি নতুন খেলোয়াড়ও আসবে। তাদের নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো।’
শেষে খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে আনচেলত্তি বলেন, ‘এটি আমার জন্যও একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ফলাফল হতাশাজনক হলেও খেলোয়াড়রা দারুণ পরিশ্রম করেছে এবং দলের পরিবেশ ছিল অসাধারণ। আজ আমরা হারলেও সেই প্রচেষ্টা নিয়ে আমি গর্বিত।’
আরআর/আইএন








