২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। আমি এখানেই শুরু করেছিলাম, আর এখানেই শেষ করছি।’

নেইমারের এই মন্তব্যকে ব্রাজিল জাতীয় দল থেকে তার বিদায়ের ঘোষণা হিসেবেই দেখছে দেশটির গণমাধ্যম। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। ১৬ বছর পর একই ভেন্যুতে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিলেন তিনি।

নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। তবে সেই গোলও দলের পরাজয় ঠেকাতে পারেনি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই বিশ্বকাপেই নেইমারের নামের পাশে যুক্ত হয়েছে আরেকটি হতাশার রেকর্ড। তিনি ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জিততে পারেননি। এর আগে একই পরিণতি হয়েছিল সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার।

যদি সত্যিই এটাই জাতীয় দলের হয়ে নেইমারের শেষ ম্যাচ হয়ে থাকে, তবে তিনি ব্রাজিলের জার্সিতে ক্যারিয়ার শেষ করবেন ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮ অ্যাসিস্ট নিয়ে। সিনিয়র দলের হয়ে তার একমাত্র শিরোপা ২০১৩ কনফেডারেশন্স কাপ। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রাজিলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদকও জিতিয়েছিলেন তিনি।

ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের বিদায়ের ইঙ্গিত তাই বিশ্ব ফুটবলের জন্যও একটি আবেগঘন মুহূর্ত হয়ে থাকল।

আরআর/আইএন