মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে এক পাহারাদারের হাত-পা বেঁধে ২টি স্পিডবোটের ইঞ্জিন লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। লুণ্ঠিত ইঞ্জিন দুটির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন মালিকেরা।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্পিডবোট দুটির মালিক শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ। প্রতিদিনের মতো তাদের মালিকানাধীন ‘এসপিবি তাহেরা-৩০৭১০’ ও ‘এসপিবি আব্বাস-০১০১২১৬’ নামের বোট দুটি আরিচা ঘাটে নোঙর করা ছিল।ঘটনার প্রত্যক্ষদর্শী পাহারাদার কোব্বাত আলী (৭০) জানান, গভীর রাতে ৩-৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘাটে এসে তার হাত-পা বেঁধে ফেলে রাখে। এরপর তারা বোট দুটি ভাসিয়ে পদ্মা নদীর ভেতরের দিকে নিয়ে যায়। পরে তার চিৎকারে বাজারের টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।ঘটনা জানাজানির পর বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয় লোকজন নৌপথে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝনদীতে পরিত্যক্ত অবস্থায় বোট দুটি পাওয়া যায়। তবে দুর্বৃত্তরা বোট থেকে মূল্যবান ইঞ্জিন দুটি খুলে নিয়ে গেছে।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে।নৌপথে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বোট মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও নৌপথে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।/
রাজনীতি
আরিচায় পাহারাদারকে বেঁধে ২ স্পিডবোটের ইঞ্জিন লুট

শেয়ার করুন







