নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় চতুর্থ শ্রেণির ১৭ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

বুধবার (২২ জুলাই) উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার বিদ্যালয় খোলা থাকলেও চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যঙ্গ করে গান গাইছিল। এটা শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হন এবং একটি বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন।

তাদের দাবি, শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন শারীরিকভাবে আহত হয়। আহতদের মধ্যে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী ছিল।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার অভিযোগ করে বলে, “সালাম স্যার আর্জেন্টিনা সাপোর্ট করেন। দল হেরে যাওয়ায় আমরা কয়েকজন মিলে ব্যঙ্গ করে গান গাইছিলাম। এরপর স্যার এসে আমাদের সবাইকে মারধর করেন।”

একই শ্রেণির আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলে, “আমরা বলেছিলাম, ‘আর্জেন্টিনা স্পেনের কাছে বাঁশ খাইছে।’ এটা বলে গান গাওয়ার পর স্যার রেগে গিয়ে আমাদের বেধড়ক মারধর করেন।”

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বলেন, “শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করব।”

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছানাউল হাবিব বলেন, “বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”