জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে ইংল্যান্ডের। নাটকীয় এই পরাজয়ের পর হতাশা লুকাননি কোচ থমাস টুখেল। নিজের কৌশল নিয়ে সমালোচনা হলেও দায় স্বীকার করে তিনি বলেন, তার দল সবকিছু উজাড় করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করতে পারেনি।
আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে হারার পর সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই। দল সর্বস্ব দিয়ে খেলেছে এবং আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। আমার মনে হয়, আমরা ১-০ ব্যবধানে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি সম্ভবত আমাদের সেরা ম্যাচ, কিংবা অন্যতম সেরা। দল ছিল দুর্দান্ত। আমরা শুধু ম্যাচটা শেষ করতে পারিনি।’
ম্যাচে রক্ষণাত্মক পরিবর্তনের কারণে সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ড কোচ। পরিবর্তনের পর আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ নিয়ে ইংল্যান্ডকে নিজেদের অর্ধে চেপে ধরে। তবে টুখেলের দাবি, সিদ্ধান্তটি ছিল পরিকল্পিত।
তিনি বলেন, ‘আমরা শুধু খেলোয়াড়দের সাহায্য করতে চেয়েছিলাম। গোল হজম করার পর পাঁচ ডিফেন্ডারের রক্ষণে চলে যাই, কারণ আমাদের লাইনগুলো অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। আর্জেন্টিনা প্রায় প্রতিটি হেড জিতছিল এবং একের পর এক ক্রস তুলছিল।’
নিজের সিদ্ধান্তের দায়ও এড়িয়ে যাননি জার্মান কোচ। ‘অবশ্যই দায় আমার’- সংক্ষিপ্তভাবেই স্বীকার করেন তিনি।
একই সঙ্গে খেলোয়াড়দের প্রশংসা করে টুখেল বলেন, ‘এ বিশ্বকাপে দলকে অনেক ভ্রমণ করতে হয়েছে, উচ্চতায় খেলতে হয়েছে, গরম আবহাওয়ায় খেলতে হয়েছে, এমনকি এক ম্যাচে ১০ জন নিয়েও লড়তে হয়েছে। এত কিছুর পরও ছেলেরা অসাধারণ পরিশ্রম করেছে।’
বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও ইংল্যান্ডের সামনে এখনও একটি ম্যাচ বাকি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ফ্রান্সের মুখোমুখি হবে। অন্যদিকে, আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নেমে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের ইতিহাস গড়ার চেষ্টা করবে।
আরআর/আইএইচএস/








