আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপলক্ষে কুষ্টিয়ায় গরু জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। রবিবার (১৯ জুলাই) সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিড়াভিটা গ্রামে এ আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচ ঘিরে গ্রামের শতাধিক সমর্থক চাঁদা তুলে একটি গরু কিনেছেন। পরে গরু জবাই করে গণভোজের আয়োজন করেন তারা।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরেই তারা আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের ফাইনালকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে এই আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনার সমর্থক আলাউদ্দিন আলা বলেন, আর্জেন্টিনা এখন বিশ্বসেরা দল। তারা আবারো ট্রফি জিতবে এর কোনো বিকল্প নেই।

আশরাফুল ইসলাম নামের অপর এক সমর্থক বলেন, মেসিকে থামানোর কারো সাধ্য নেই। তাই এবারো তারা চ্যাম্পিয়ন হবে।