দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনগ্রহণ এবং নিয়োগ পরীক্ষা আয়োজনের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিললেই প্রকাশ করা হবে বহুল প্রতীক্ষিত এ বিজ্ঞপ্তি। এতে প্রায় ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হবে। রোববার শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এনটিআরসিএ সূত্র জানায়, প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই-বাছাই শেষে ১১৬টি বিষয়ের মোট ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সংরক্ষিত পদ বাদ দিয়ে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস অনুমোদন করে ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশের প্রশাসনিক অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তা কমে ৭৫ হাজার ৭৬৯টিতে দাঁড়ায়। পরবর্তীতে বিভিন্ন কারণে আরও ২ হাজার ৫৩০টি পদ বাদ দেওয়া হয়। ফলে চূড়ান্তভাবে ৬৯ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।