কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে নৌকা ডুবে হাসনাতুল জন্নাত ঝর্ণা (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে বন্যার পানিতে প্লাবিত বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় রওনা দেন আব্দুল মালেক। রসুলাবাদ এলাকায় পৌঁছালে প্রবল স্রোতে নৌকা উল্টে গেলে ঝর্ণাসহ তিন বোন পানিতে তলিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হয় ঝর্ণা। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, “ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুই বোন হাসপাতালে চিকিৎসাধীন।”

চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল আমাদের সঙ্গে যোগ নেয়। তাদের সহযোগিতায় দুপুরে ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে।”