চাঁদনি রাতের রুপালি আলোয় নদীর পানি চিকচিক করছিল। পর্যটক জাহাজ ‘জল তরঙ্গ’ কটকা থেকে মংলা বন্দরের দিকে এগোচ্ছে। চাঁদের আলো নিমিষেই হারিয়ে গেল মেঘের আড়ালে। আকাশটা তামাটে রং ধারণ করল। চারপাশটা হয়ে গেল থমথমে। অন্ধকার ঘনীভূত হতে থাকে। আকাশ কোণে বিজলি চমকাচ্ছে। মাঝ নদীতে জাহাজের ডেকে বসে আছে আসাদ। আসাদের বয়স সতেরো। নৌপথে দীর্ঘ যাত্রা এই প্রথম। বড় ভাইয়ের সঙ্গে সুন্দরবন ভ্রমণে আসাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আসাদ ভয় পেতে থাকে। রুমে ফিরে এসে দরজা-জানালা বন্ধ করে দিল। এরইমধ্যে তীব্র বেগে ঝড়-তুফান শুরু হয়ে গেল। জাহাজ কিছুটা হেলে-দুলে চলছে। অনেকেই আতঙ্কে ছোটাছুটি করতে লাগল। আসাদের ভয় বাড়তে থাকে। জাহাজের সারেং বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন। ঝড়ের প্রথম ঝাপটাতেই বিশাল জাহাজটি খেলনার মতো দুলতে লাগল। আসাদ তার কেবিনের জানালা দিয়ে বাইরে তাকাল। পাশের কেবিন থেকে ভেসে আসছিল পর্যটকদের কান্নার শব্দ আর হাহাকার। আসাদ অনুভব করল জাহাজটি কাত হয়ে যাচ্ছে। সে তার ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরল। বড় ভাই ফিসফিস করে বলছিল, ‘ভয় পেয়ো না আসাদ, শক্ত হয়ে ধরে রাখ।’
কিন্তু আসাদের মনে হচ্ছিল, এই অন্ধকার রাতটাই হয়তো তাদের শেষ রাত। জাহাজের মালিক কেবিনে এসে ঘোষণা দিয়ে বলল, ‘সবাই রুমের দরজা-জানালা বন্ধ করে রাখেন। লাইফ জেকেট পরে নেন।’ একথা শুনে আসাদ আচমকা ভয় পেয়ে গেল। কপালে চিন্তার ভাঁজ। গলা শুকিয়ে আসছে আসাদের। খাটের নিচে পানির বোতল খুঁজতে থাকে সে। বড় ভাই আসাদকে সান্ত্বনা দিয়ে বলল-‘আরে ভয় পেয়ো না। কিছুই হবে না। এমনটা প্রায়ই হয়ে থাকে। ঝড়-তুফান নদীপথের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটু পরই সব স্বাভাবিক হয়ে যাবে।’ মাঝ নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেল। বাতাসের ঝাপটায় জানলার এক পাশের কাচ ভেঙে চুরমার হয়ে গেল। ভয়ে আসাদের বুক দুরুদুরু করছিল। গভীর রাত। বৃষ্টি একটু কমলেও বাতাসের দাপট কমেনি। চারদিকে শুধু পানির তোড় আর অন্ধকার বনের অস্পষ্ট ছায়া। আসাদের মনে হচ্ছিল, প্রকৃতি আজ মানুষের সব দম্ভ চূর্ণ করে দিচ্ছে। সে শুধু মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছিল আর ভাবছিল-কখন হবে ভোর? কখন থামবে এই তাণ্ডব?
পুব আকাশ ধূসর থেকে হালকা লালচে হতে শুরু করল। বাতাসের গতি কমে এলো। নদীর ঢেউগুলোও শান্ত হয়ে এলো। ভোরের প্রথম আলো যখন বনের ঝোপের ওপর পড়ল, আসাদের মনে হলো সে নতুন জন্ম পেয়েছে। জাহাজ থেকে নামার সময় আসাদ বনের দিকে শেষবার তাকাল। সেই আতঙ্কের রাত তাকে শিখিয়ে দিয়ে গেল সাহসের সঙ্গে টিকে থাকার নামই জীবন।








