টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট অতিরিক্ত জলাবদ্ধতা এবং রেললাইনের কয়েক জায়গায় গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি বলেন, “টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের উপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। এর আগে, দুপুর সময়ের দুইটা শাটল আটকা পড়েছিল।”

তিনি আরো জানান, শাটল কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।