জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খাইরুল বাশারকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল হোসাইন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসাইন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিজ, তোফায়েল পুনম, মুনতাসির মিরাজ, শাহাজালাল আহমেদ জনি ও লিটন। এছাড়া কমিটিতে ৪৭ জনকে সদস্য করা হয়েছে।
আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, কেন্দ্রীয় সংসদ তার ওপর যে আস্থা রেখেছে, সে জন্য তিনি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করবেন। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার পাশাপাশি গুপ্ত রাজনীতি ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) বলেন, দীর্ঘদিন পর কমিটি গঠনের ফলে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং যেকোনো সংকটে তাদের পাশে থাকার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তারা কাজ করবেন।
হোসাইন সুলভ/কেএইচকে








