প্রায় ছয় মাস বিলম্বের পর অবশেষে মুক্তির পথে এগোচ্ছে  ‘জন নায়গন’। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রিন জানিয়েছে, ছবিটি পর্যালোচনা শেষে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) নির্মাতাদের কাছে কিছু সংশোধনের তালিকা পাঠিয়েছে। এসব পরিবর্তন সম্পন্ন হলে জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ছবিটি ‘এ’ (অ্যাডাল্ট ওনলি) সনদ পেতে পারে বলেও জানা গেছে।

ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিবিএফসির নির্দেশনা অনুযায়ী সম্পাদনার কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যে ডাবিং শেষ করার লক্ষ্য রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাইয়ের শেষেই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে।
প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনসের সুপ্রিথ মোহনও একই সময়সূচির ইঙ্গিত দিয়েছেন। তাঁর ভাষায়, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহ—এই সময়টিকেই মুক্তির জন্য লক্ষ্য করা হচ্ছে।

পঙ্গল উৎসবে মুক্তি পাওয়ার কথা ছিল
পরিচালক এইচ বিনোধের রাজনৈতিক ড্রামা সিনেমা ‘জন নায়গন’ প্রথমে ২০২৬ সালের ৯ জানুয়ারি, পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তির কথা ছিল। তামিল সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছিল এটি। কারণ, এতে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়। পাশাপাশি ছবিটির রাজনৈতিক প্রেক্ষাপটও দর্শকের আগ্রহ বাড়িয়েছিল।

‘জন নায়গণ’–এ বিজয়। এক্স থেকে

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠনের পর বিজয় রাজনীতিতে সক্রিয় হন। পরে নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। ফলে তাঁর রাজনৈতিক জীবন শুরুর পর এটিই হতে যাচ্ছে অভিনেতা হিসেবে শেষ চলচ্চিত্র।

কেন আটকে গিয়েছিল মুক্তি?
২০২৫ সালের ২২ ডিসেম্বর সিবিএফসির পরীক্ষক কমিটি কয়েকটি কাটছাঁটের শর্তে ছবিটিকে ইউ/এ সনদ দেওয়ার সুপারিশ করেছিল। প্রযোজনা প্রতিষ্ঠান নির্ধারিত পরিবর্তন করে ২৪ ডিসেম্বরের মধ্যেই ছবিটি আবার জমা দেয়। ২৯ ডিসেম্বর আঞ্চলিক সিবিএফসি কার্যালয়ও জানায়, ছবিটি শিগগিরই ছাড়পত্র পাবে।

১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে যে সিনেমা

কিন্তু ৫ জানুয়ারি নির্মাতাদের জানানো হয়, কিছু অভিযোগ পাওয়ায় ছবিটি পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছিল, ছবির কিছু দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এবং সশস্ত্র বাহিনীকে আপত্তিকরভাবে উপস্থাপন করেছে।

ফাঁস হয়েছিল ছবির অংশ
সেন্সর–প্রক্রিয়া চলাকালেই ২০২৬ সালের এপ্রিলে ছবিটির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া সেই ভিডিও ক্লিপ নিয়ে তদন্ত শুরু করে তামিলনাড়ু সাইবার ক্রাইম শাখা। পরে এ ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌতম মেনন, প্রিয়া ভবানী শংকর, যোগী বাবু।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে