নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তা চালানোর চালক নেই। ১৩ জুলাই চালক অবসরে যাওয়ায় জরুরি এই সেবাটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়িটি চালকের অভাবে গত ২ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এতে জরুরি রোগী পরিবহন ও দাপ্তরিক কাজে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, সরকারি অ্যাম্বুলেন্সের একমাত্র চালক গত ১৩ জুলাই অবসরে যান। এরপর থেকে পদটি শূন্য। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ির চুক্তিভিত্তিক চালকের নিয়োগের মেয়াদ ২ বছর আগে শেষ হলেও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে গাড়িটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।স্থানীয়দের অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স ও গাড়ি থাকার পরও চালকের অভাবে সেগুলো ব্যবহার করতে না পারা চরম অব্যবস্থাপনা। এর ফলে দুর্ঘটনায় আহত, প্রসূতি ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠাতে গিয়ে স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ বলেন, “অ্যাম্বুলেন্সের চালক সদ্য অবসরে গেছেন। আর আমার সরকারি গাড়িটিও দীর্ঘ ২ বছর ধরে চালকহীন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”সচেতন মহলের দাবি, দ্রুত শূন্য পদে চালক নিয়োগ দিয়ে সরকারি এই সম্পদগুলো সচল করা হোক, যাতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বিঘ্নিত না হয়।\