বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সিয়াটলে রোমেলু লুকাকু, কেভিন ডি ব্রুইনা, থিবো কুর্তোয়া ও তাদের সতীর্থরা সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে জায়গা করে নেয় শেষ ষোলোতে। ম্যাচের শেষ দিকে দুটি এবং অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে নাটকীয় জয় তুলে নেয় বেলজিয়াম।
এদিন টানা দ্বিতীয় ম্যাচেও গোল করেছেন লুকাকু। বেলজিয়ামের এই জনপ্রিয় স্ট্রাইকারই দলের প্রত্যাবর্তনের সূচনা করেন প্রথম গোলটি করে। এরপর অতিরিক্ত সময়ে বেলজিয়াম পেনাল্টি পেলে অনেকেই ধারণা করেছিলেন, লুকাকুই শট নেবেন। কিন্তু তিনি বল হাতে নিয়েও সেটি ইউরি টিলেমান্সকে দিয়ে দেন। টিলেমান্স গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এ বিষয়ে লুকাকু বলেন, ‘হ্যাঁ, আমি চাইলে পেনাল্টি নিতে পারতাম। কিন্তু মানসিকভাবে আমি এখনও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমি চেয়েছিলাম ইউরি (টিলেমান্স) পেনাল্টিটি নিক। আমার ব্যক্তিগতভাবে জেতার দরকার নেই, জিততে হবে দলকে। সেই মুহূর্তে আমার মনে হয়েছে, ইউরির নেওয়াই ভালো হবে।’
গত বছরের সেপ্টেম্বরে ৫৮ বছর বয়সে মারা যান লুকাকুর বাবা রজার লুকাকু, যিনি জায়ারের (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) সাবেক জাতীয় দলের স্ট্রাইকার ছিলেন। বাবার মৃত্যুর ধাক্কা লুকাকুকে গভীরভাবে নাড়া দেয়। কাকতালীয়ভাবে, ইতালির নাপোলিতে তার মৌসুমটিও প্রত্যাশার তুলনায় অনেক খারাপ কাটে। মাত্র সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছিলেন।
এই বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোল করতে পারেননি লুকাকু। তবে শেষ দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে নিউজিল্যান্ড ও সেনেগালের বিপক্ষে গোল করেন। মজার বিষয় হলো, দুটি গোলই এসেছে একই সময়ে, দ্বিতীয়ার্ধের ৪১তম মিনিটে।
নিজের এই প্রত্যাবর্তন সম্পর্কে লুকাকু আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার মনে হয়, ওপরে বসে আমার বাবাই আমাকে সাহায্য করছেন।’
শেষ ষোলো নিশ্চিত করার পর এখন বেলজিয়ামের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। কঠিন লড়াইয়ের এই জয় দলকে আরও ঐক্যবদ্ধ করবে বলেও মনে করেন লুকাকু, ‘আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু দারুণ মানসিক দৃঢ়তা দেখিয়েছি। এ ধরনের ম্যাচে ঠিক এটাই দরকার, কারণ সেনেগাল এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। প্রযুক্তিগত, শারীরিক ও কৌশলগত সব দিক থেকেই। ম্যাচটা খুব কঠিন ছিল। তবে আমরা প্রেসিংয়ের তীব্রতা বাড়িয়েছিলাম এবং বল দখলে নেওয়ার পর দলের ঐক্য ও লড়াইয়ের মানসিকতা ফুটে উঠেছিল। এভাবেই আমরা জিতেছি। এই ধরনের জয় আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের আরও ঐক্যবদ্ধ করবে। আমরা সবসময়ই একতাবদ্ধ, তবে এমন জয় দলের বন্ধনকে আরও শক্তিশালী করে।’
আরআর/আইএন








