বাবুগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজা হানিফ লাঠি দিয়ে চাচার মাথা ফাটিয়ে নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব কেদারপুর সাত্তার হাওলাদার বাড়িতে। আহত চাচার নাম আব্দুস সাত্তার হাওলাদার (৬০) ও তার স্ত্রী মিনারা বেগম (৪৮) মেয়ে ফাতেমা আক্তার (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, ছয় মাস আগে ভাতিজা হানিফ হাওলাদার চিকিৎসার কথা বলে চাচা আব্দুস সাত্তার হাওলাদারের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ধার নেন। মঙ্গলবার দুপুরে ধারের পাওনা টাকা চাওয়ায় ভাতিজার সঙ্গে আব্দুস সাত্তার হাওলাদারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা হানিফ লাঠি দিয়ে চাচা সাত্তার হাওলাদারের মাথা ফাটিয়ে দিলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটের পরেন। এ সময় সাত্তার হাওলাদারকে বাঁচাতে স্ত্রী মিনারা বেগম ও মেয়ে ফাতেমা এগিয়ে আসেন। এ সময় হানিফ হাওলাদারের হাতে থাকা লাঠি দিয়ে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করেন। এ ব্যাপারে আহত সাত্তার হাওলাদারের ছেলে শাহাদাত বাদী হয়ে হানিফ হাওলাদার ও তার স্ত্রী সুমি আক্তারকে আসামি করে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।