বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর এলাকা থেকে মো. কালাম চাকলাদার (৫৮) নামের এক বিএনপি নেতা ও ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘরের শয়নখাটে গলায় গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।শনিবার (১১ জুলাই) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কালাম চাকলাদার ওই গ্রামের মৃত হাতেম চাকলাদারের ছেলে।কালাম চাকলাদারের স্ত্রী শিল্পী আক্তার পেশায় একজন এনজিও কর্মী। সম্প্রতি তিনি স্বামীকে ছেড়ে অন্য জায়গায় সংসার শুরু করেন। এ নিয়ে পারিবারিক টানাপোড়েন ও হতাশার বিষয়টি এলাকায় বেশ চর্চিত ছিল। এর মধ্যেই আজ সকালে কালামের ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিষ্কার হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।\