বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরের সড়কে দুদফায় এ হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সামনেই ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করে হামলাকারীরা। একপর্যায়ে দুই পুলিশ সদস্য তাদের নিভৃত করতে সক্ষম হন।
হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়।
মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।
এদিকে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পোশাক পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠীদের সঙ্গে এই অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয়।








