বগুড়ার শিবগঞ্জে একটি কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ে ৪২ জন শিক্ষার্থী পুরোনো প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই পরীক্ষার্থীদের তালিকা রাজশাহী বোর্ডে পাঠিয়েছেন কেন্দ্র সচিব।

বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজের ১০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ।

কেন্দ্র সূত্র জানায়, বুধবার শিবগঞ্জ সরকারি এম.এইচ. কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনিয়মিত পরীক্ষার্থী ছিল ৭ জন। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। ওই শিক্ষার্থীরাও ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। তবে ওই কক্ষে এমসিকিউ প্রশ্নপত্র সঠিকভাবেই বিতরণ করা হয়েছিল।

আরও পড়ুন

ঢাকার এক কেন্দ্রে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা গ্রহণ, সচিবকে অব্যাহতি

পরীক্ষার শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। এর পরপরই কেন্দ্রসচিব ওই কক্ষের সব পরীক্ষার্থীর খাতা সংগ্রহ করেন। পরে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা তৈরি করে রাজশাহী বোর্ডে পাঠানো হয়।

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী ছিল। তারা সবাই নিয়মিত শিক্ষার্থী। এদের মধ্যে ৪২ জনের কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র গিয়েছিল। তারা ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দেয়। আর একজন ২০২৬ সালের প্রশ্নপত্র পেয়েছিল। জানার পর খাতাগুলো পোস্টঅফিস থেকে আবার ফেরত নিয়ে আসি।

তিনি আরও বলেন, প্রশ্নপত্র আসার পর কমিটি সব বুঝে নেয়। তারপর প্রতি কক্ষে পরিদর্শকদের কাছে আবার বুঝে দেওয়া হয়। এখানে অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়ে গেছে। তারপরেও আমি ওই কক্ষের দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ করেছি এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রেখেছি।

এল.বি/এসজেডএইচ/জেআইএম