বগুড়ায় ‘জারা কার হাউজ অ্যান্ড ই সল্যুশন’ নামে গাড়ির শোরুম ও সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে মহানগরীর মাটিডালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের দাবি, তাদের অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ঘটনার সময় শোরুমে থাকা ১৮টি গাড়ির মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। শোরুমে মেরামতের সময় একটি গাড়ির তেলের ট্যাঙ্কিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। মেরামতের সময় একটি গাড়ির ব্যাটারির শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে সোয়া কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।