কসবায় তীব্র বিদ্যুৎ সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা পুরোপুরি ভেঙে পড়েছে। উপজেলায় চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ মেলায় সরকারি এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি থাকা রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দিনে মাত্র ১২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায় হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানা গেছে, উপজেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা ৪২ থেকে ৪৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২২ থেকে ২৫ মেগাওয়াট। এই ঘাটতির মারাত্মক প্রভাব পড়েছে ৫০ শয্যার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালিয়ে জরুরি সেবা সচল রাখার চেষ্টা করা হলেও জ্বালানি ও বাজেট স্বল্পতার কারণে তা দীর্ঘ সময় চালানো সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ না থাকায় এক্স-রে, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। কসবা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী সুবাস চন্দ্র দাস জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ বৃদ্ধি না হলে এই পরিস্থিতির দ্রুত উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

