জাল টাকার মামলায় জামিনে থাকা এক আসামি আদালতে হাজিরা দিতে এসে আবারও চার লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতার ব্যক্তি মো. রফিকুল ইসলাম (৪৭)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। তিনি তার আইনজীবীর কক্ষে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

জাল নোট উদ্ধার : ক্যামেরুনের ২ নাগরিক কারাগারে

ডিবি পুলিশ জানায়, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ তিনবার গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

আটকের পর রফিকুল ইসলাম পুলিশকে জানান, আদালতে হাজিরা দিতে আসার সময় তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগটি তার কাছে রেখে পালিয়ে যান।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার বলেন, জাল নোট উদ্ধারের ঘটনায় এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া জাল নোটের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এল.বি/এসজেডএইচ/জেআইএম