বগুড়ার শিবগঞ্জে রাইস মিলের মালিক মোহাম্মদ আলী সরকারকে হত্যা ও ট্রান্সফরমার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পুটখোর গ্রামের শফিকুল ইসলাম (৪৩) ও কাঠগড়া গ্রামের আব্দুল আলিম (৪০)। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত রোববার (৫ জুলাই) রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে ঢোকে। বিষয়টি টের পেয়ে গেলে তারা মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা মিলের ভেতরে মোহাম্মদ আলীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় ডাকাতিসহ হত্যা মামলা করা হয়েছে।

ওসি শাহীনুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।