ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ পৌরসভাধীন এক গ্রামে ওই দোকানিকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বেলা ১২টার দিকে মুদি দোকানি লিটন বিশ্বাস ৮ বছর বয়সী এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি কৌশলে মুদি দোকানির কাছ থেকে পালিয়ে বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুটির পরিবারের লোকজন ও গ্রামবাসী মুদি দোকানে এসে অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান বলেছেন, “শিশুকে যৌন হয়রানির অভিযোগে মারধরের পরে মুদি দোকানি লিটন বিশ্বাসকে আটকে রাখেন ওই এলাকার মানুষ। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসা শেষে তাকে সদর থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা ভিকটিম শিশুর পরিবারকে থানায় ডেকেছি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”








