তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায়, যেতে চায় তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বরিশাল সফর বৃক্ষরোপণকে কেন্দ্র করেই। প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতা ও দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের নিয়ে এ অঞ্চলের উন্নয়নের বিষয়ে কথা বলবেন।








