বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- বগুড়ার আটাপাড়া এলাকার বাবুল হাসান ও তার স্ত্রী জেসমিন বিবি। বাবুল পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী ব‌লেন, মিষ্টির প্যাকেট নিয়ে মোটরসাইকেলে নওগাঁ যাচ্ছিলেন বাবুল হাসান। সঙ্গে ছিলেন স্ত্রী ও নাতি। পথিমধ্যে একইদিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। পরে তার স্ত্রী ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক৷

এর আগে, এদিন সকালে এরুলিয়া এলাকায় বাসচাপায় ৭ জন নিহত হন।