বগুড়ার কাহালুতে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার বেলা ২টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস (৬০)। তিনি কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী। আহত ব্যক্তি একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে আবদুল খালেক (৫৫)।
জানা গেছে, আজ বেলা ২টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল খালেক বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং আরও একজন চিকিৎসাধীন রয়েছে। বালুর ট্রাকটি আটক করা যায়নি।








