সময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুহানী সালসাবিলের সঞ্চালনায় ইউটিউবে প্রচারিত পডকাস্ট ‘ক্যাচ দ্য স্টার’ ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম সিজনের একের পর এক পর্ব প্রকাশের পর প্রশংসায় ভাসছেন এই উপস্থাপিকা।পডকাস্টটির বিভিন্ন পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন তানজিকা আমিন, আরশ খান, টয়া, ইরফান সাজ্জাদ, চমক ও নাজিফা তুষি। এর মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেতা আরশ খানের পর্ব। প্রকাশের পর থেকেই পর্বটির মন্তব্যের ঘরে দর্শকরা আরশ খানকে নিয়ে অসংখ্য ইতিবাচক মন্তব্য করছেন।তবে শুধু একটি পর্ব নয়, প্রচারিত প্রতিটি পর্বের জন্যই দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া পাচ্ছেন রুহানী সালসাবিল।এ প্রসঙ্গে রুহানী বলেন,“আমি বহু বছর ধরে উপস্থাপনার সঙ্গে যুক্ত। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে ‘ক্যাচ দ্য স্টার’-এর জন্য এতটা ভালোবাসা ও সাড়া পাব, তা কখনো ভাবিনি। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। প্রতিটি নতুন পর্বের সঙ্গে সেই ভালোবাসা যেন আরও বাড়ছে।”তিনি আরও বলেন,“এই পডকাস্টে কাজ করা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে তারকাদের সঙ্গে কাজ করলেও এত গভীরভাবে তাদের সঙ্গে আলাপ করার সুযোগ হয়নি। তাই প্রতিটি পর্ব উপস্থাপনা করতে গিয়ে নিজেকেও নতুনভাবে আবিষ্কার করছি। প্রত্যেক শিল্পী আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।”উপস্থাপনার পাশাপাশি রুহানী সালসাবিল দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের পরিচিত মুখ। দেশ টিভিতে তার উপস্থাপনায় ‘স্টার লাউঞ্জ’ অনুষ্ঠানটি টানা দশ মাসের বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে। এছাড়া বিটিভির ‘সেলিব্রিটি শো’, মাই টিভির ‘আমার গান’, আরটিভির ‘শেফস স্টুডিও’ এবং এসএ টিভির ‘সাইন অন’ অনুষ্ঠানও নিয়মিত সঞ্চালনা করছেন তিনি।শোবিজের বাইরে পেশাগত জীবনেও তিনি একজন স্থপতি। ঢাকার কলাবাগানের কিউবিক কনসালটেন্ট-এ স্থপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে চলতি বছরের ১০ জানুয়ারি মাকে হারানোর শোক কাটিয়ে সম্প্রতি নতুন এক আনন্দের মুহূর্ত পেয়েছেন রুহানী। চলতি মাসের প্রথম সপ্তাহে তার একমাত্র সন্তান শীর্ষ স্কুলজীবন শুরু করেছে। উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট নাঈমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুহানী সালসাবিল।








